বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন।
চামেলি খাতুনের মৃত্যুর পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে অবস্থান নেন।
অবরোধ চলাকালে এলাকাবাসী বেতগাড়ি বাইপাস মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
দুর্ঘটনায় আহত চামেলির দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। আহত অপর শিশু কন্যা নেহাও চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম আহত হয়েছেন।
নিহতের মামা রেজাউল করিম জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। গুরুতর আহত গৃহবধূ চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বগুড়া জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি বিষয়টি তারেক রহমানকে অবহিত করার আশ্বাস দেন।
পরে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। যথাযথ অবকাঠামোগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণের অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এ মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি, নিহত ২
গাইবান্ধায় গণপিটুনিতে ২ জন নিহত
