সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, কর্ম ও রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের কাছে জিয়ার চিন্তা ও অবদান তুলে ধরতে হবে।
শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, অনেকেই জিয়াউর রহমানকে সরাসরি দেখেননি বা তার সংস্পর্শে আসার সুযোগ পাননি। তাই তার আদর্শ ও রাষ্ট্রগঠনের দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জাতীয় অগ্রগতির প্রশ্নে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে প্রবণতা এবং মানুষের কাছে থাকার যে মানসিকতা দেখা যায়, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন বলে তিনি মনে করেন। তার ভাষায়, তারেক রহমান তার পিতার দেখানো পথ অনুসরণ করেই দেশের নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন নির্বাচন। সেই নির্বাচনে নাটোর জেলার চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় আদর্শ ধারণ করাও গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এবং তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে না পারলে অতীতের ষড়যন্ত্র ও বিভাজনের সুযোগ তৈরি হতে পারে। তাই দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ: প্রধানমন্ত্রী