আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালতে আসামির পক্ষের শুনানি করেন আইনজীবী আবু তালেব। বাদী পক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ও আসামির পক্ষের আইনজীবী আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন এবং আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি দুপুর আড়াইটার দিকে আদালতে উপস্থিত হন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একইদিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

MCH/AHA
আরও পড়ুন