বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টির পর হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতর্কিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’—এই দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য তিনি সরাসরি বগুড়ার জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তাকে ফোন করে মৌখিকভাবে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে এখনো কোনো লিখিত নির্দেশনা এসে পৌঁছায়নি।
জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। লিখিত চিঠি হয়তো পরে আসবে। তবে যেহেতু মৌখিক নির্দেশনা পেয়েছি, তাই আমরা দ্রুতই নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া শুরু করব।”
ডিসি তৌফিকুর রহমান আরও জানান, বিতর্কিত ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। সেখানে স্থানীয় বাসিন্দাদের স্বাধীন মতামতের ভিত্তিতেই ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নতুন তারিখ নির্ধারণ করে আবারও গণশুনানি করবেন। ওই দিন স্থানীয় জনগণ উপস্থিত থাকবেন এবং তাদের প্রস্তাবিত নামই চূড়ান্ত বিবেচনার জন্য নেওয়া হবে।”
এর আগে, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ এবং নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে, মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।
নতুন চার ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—এই তিনটি নাম নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। এছাড়া প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম ‘সীমান্ত’ এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম ‘দিগন্ত’—এর নামের সাথে হুবহু মিল রেখে বাকি দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং গণশুনানির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্ক এতটাই রূপ নেয় যে, বিষয়টি শেষ পর্যন্ত জাতীয় সংসদেও আলোচনায় আসে।
তবে সংসদে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার ছেলেদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগটি সম্পূর্ণ নাকচ করে দেন। তিনি দাবি করেন, এই নামকরণ সম্পূর্ণ ‘কাকতালীয়’।
প্রতিমন্ত্রী সংসদে বলেন, “সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকাটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছিল ‘সীমান্ত’। আর অন্য ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে নাম দেওয়া হয়েছিল ‘দিগন্ত’।” প্রশাসন ও ইউএনও স্থানীয় জনগণের মতামত নিয়ে এবং গণশুনানির ভিত্তিতেই এই নামগুলো চয়ন করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই নামগুলো পরিবর্তন হতে যাচ্ছে।
‘জাতি গঠনের গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে’
নিরাপত্তার ঘেরাটোপে নয়, জনগণের ভালোবাসায় আস্থা প্রধানমন্ত্রীর
আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে : প্রধানমন্ত্রী