ফুটবল বিশ্বকাপের উত্তাপের মধ্যেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনার চরের একটি বিশাল বটগাছ আর্জেন্টিনার আকাশি সাদা রঙে সেজে নজর কেড়েছে। দূর থেকে দেখলে গাছটিকে অনেকটা আর্জেন্টিনার বিশাল পতাকার মতো মনে হয়। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও গাছটির ছবি ও ভিডিও ছড়িয়ে কৌতূহল তৈরি হয়েছে।
বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা ও জামতৈল ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অবস্থিত গাছটি প্রথম ২০২২ সালের কাতার বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা হয়। ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন করে রঙ করা হয়েছে।
এই উদ্যোগে কোনো ব্যক্তি বা সংগঠনের একক অর্থায়ন নেই। স্থানীয় প্রবীণ, তরুণ ও কিশোররা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছেন। কেউ ৫ টাকা, কেউ ১০ টাকা, কেউ ৫০ বা ১০০ টাকা করে সহযোগিতা করেছেন। সবার ছোট ছোট অবদান মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে গাছটিকে নতুন সাজে রাঙানো হয়েছে।
শুধু গাছই নয়, বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকার পরিবেশও ফুটবলের রঙে রঙিন হয়ে উঠেছে। বিভিন্ন সড়কে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। এক রিকশাচালক নিজের রিকশাকেও আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন। বিশ্বকাপ এলেই এলাকায় খেলা দেখা, আড্ডা ও নৈশভোজের আয়োজন হয়। ভিন্ন দলের সমর্থক হলেও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফুটবল তাদের কাছে আনন্দের উৎসব। সবাই নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করলেও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বিভেদ নেই। বিশ্বকাপ এলেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা মো. রাসেল হোসেন বলেন, আর্জেন্টিনা তাদের আবেগের নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই ২০২২ সালে প্রথম গাছটিকে রঙ করা হয়েছিল। এবারও বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে। তিনি বলেন, এই আয়োজন কারও একার নয়, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ ও শ্রম দিয়ে এতে অংশ নিয়েছেন। তারা চান, গাছটি ফুটবলপ্রেম ও সম্প্রীতির প্রতীক হয়ে থাকুক।
আর্জেন্টিনার পতাকার আদলে নিজের রিকশা সাজানো এক চালক বলেন, রিকশাই তার জীবিকা, তবে আর্জেন্টিনা তার ভালোবাসা। তাই নিজের রিকশাটিকেও প্রিয় দলের রঙে সাজিয়েছেন। যাত্রীরাও রিকশাটি দেখে ছবি তোলেন, যা তাকে আনন্দ দেয়।
হাজার হাজার কিলোমিটার দূরের আর্জেন্টিনার সঙ্গে বেলকুচির এই বটগাছের কোনো সরাসরি সম্পর্ক না থাকলেও, আকাশি সাদা রঙে মোড়া গাছটি ফুটবলপ্রেম, আবেগ ও সম্প্রীতির এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক কাঠুরের
টঙ্গীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
জ্ঞানচর্চার নতুন ঠিকানা ‘হারুন আল রশিদ (বিএসসি) পাঠাগার’
দৌলতপুরে বিজিবির উদ্যোগে ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ