প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই প্রত্যাহার

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ জুলাই) মধ্যরাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে ধুনট থানা থেকে সরিয়ে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক যুবক দুই দালালের মাধ্যমে সৌদি আরবে যান। সেখানে গিয়ে কাজ না পেয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। এ ঘটনায় প্রতিকার চাইতে গেলে দালালদের বিরুদ্ধে অভিযোগকারী ওই যুবকের মাকে মারধর করা হয়।

গত ২১ জুন এ ঘটনায় প্রবাসীর মা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।

অভিযোগ রয়েছে, তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি ওই গৃহবধূকে মুঠোফোনে একাধিকবার উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া, অভিযুক্ত দালালদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার কার্যক্রমে গতি কমিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ওই এসআইয়ের বিরুদ্ধে। পরে ওই গৃহবধূ কথোপকথনের একটি অডিও রেকর্ড করেন। সম্প্রতি সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে প্রত্যাহার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

NM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত