চলমান এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে শহরের ইলিয়ট ব্রিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, কেন্দ্রভিত্তিক অব্যবস্থাপনা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষা ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা পরিচালনায় বিভিন্ন অসঙ্গতি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এসব বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তারা।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।
বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড', সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
সাভারে পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, মন্ত্রীর পদত্যাগ দাবি