সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 
শনিবার (১৮ জুলাই) রাত আটটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম(৫০) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। 
র‍্যাব জানায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‍্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এবং র‍্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। মামলার পর থেকেই আসামি রফিকুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন দুপুরে নিজ শয়নকক্ষে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এর পরদিন ২৯ জুন তিনি আবারও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি পালিয়ে আত্মরক্ষা করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা আসামির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে র‍্যাব-১২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
এই ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত