সারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

সারের কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তুলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও সরকারি নির্ধারিত দামে সার বিক্রির দাবি জানান তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশ নেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় কৃষকেরা সারের সংকট দ্রুত সমাধান এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না তারা। সময়মতো সার না পাওয়ায় ফসলের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কৃষকেরা বলেন, প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সার না পেলে ফসলের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পরে দুপুর ১২টার দিকে পুলিশের অনুরোধে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে কর্মসূচি শেষ করেন।

এমসিএইচ
আরও পড়ুন