মাটি খুঁড়ে মিলল ২ কোটি টাকার হেরোইন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে বসত বাড়ির মাটি খুঁড়ে দুই কোটি টাকা মূল্যের ২ কেজি হিরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মো. কবির (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

বুধবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার পদ্মার দুর্গম চর এলাকার মধ্যচর রুবেলপাড়া থেকে হিরোইনসহ ওই যুবককে আটক করা হয়।

আটক কবির ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক ও ট্রাক্টর চালক।

র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবিরের বসতবাড়ির ভেতরে থাকা খড়ের স্তূপের নিচে মাটির ২ ফিট গভীরে পুঁতে রাখা অবস্থায় ২ কেজি হিরোইন উদ্ধার করা হয়। এ সময় কবির কে গ্রেফতার করে র‍্যাবের অভিযানিক দল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ট্রাক্টর চালক এবং কৃষিকাজের সাথে জড়িত বলে জানান এবং এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ARS/FI
আরও পড়ুন
সর্বশেষপঠিত