দীর্ঘ এক দশক পার হলেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার একমাত্র কেন্দ্রীয় শ্মশানের আধুনিক চুল্লি নির্মাণ কাজ।
ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা (ডিজাইন) পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।
গত বৃহস্পতিবার সকাল থেকে শ্মশানে চুল্লির কাজ শুরু করেন। অসমাপ্ত কাঠামোর ওপর বাঁশের মাচা বেঁধে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সুন্দরগঞ্জ পৌর এলাকায় এই শ্মশান চুল্লিটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে থমকে যায়। বছরের পর বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সরকারিভাবে বরাদ্দ বা কাজ শেষ না হওয়ায়, মৃতদেহ সৎকারে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয়দের।
বাধ্য হয়ে তারা সরকারি মূল নকশা পরিবর্তন করে, বর্তমান কাঠামোর ওপর ভিত্তি করে চুল্লিটি ব্যবহারোপযোগী করার চেষ্টা করছেন। পৌরসভার কাছ থেকে দৃশ্যত কোনো টেকসই সমাধান না পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের তহবিল ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংস্কার কাজে হাত দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা শংকর সরকার বলেন, একটি পৌরসভার কেন্দ্রীয় শ্মশানের চুল্লি ১০ বছর ধরে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক।
মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয়ে বাধ্য হয়ে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে এবং বাধ্য হয়ে নকশা পরিবর্তন করে কাজ করতে হচ্ছে।
শ্মশান কমিটির সদস্য বাপ্পী সরকার জানান, আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করি তাতে কোনো সাড়া না পেয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছি।
তিনি আরও জানান, পৌরসভার কর্তৃপক্ষের অবহেলা এই প্রকল্পটির কাজটি নানা জটিলতায় ১০ বছর ধরে আটকে আছে, মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয় তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করেছেন। তাই স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ হয়ে নিজেদের অর্থ ও উদ্যোগে এই চুল্লির কাজ শুরু করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা।
নামে বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব
দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা
নৌকাভ্রমণে গিয়ে মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু