যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ১

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪১) নামের অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ আহম্মেদ (২২) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায়। নিহত অটোরিকশা চালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং আটক আকাশ আহম্মেদ জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে তবে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে তার সৎপিতা শাহজাহান আলীর সঙ্গে বসবাস করেন।

ঘটনার দিন রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার জন্য পৌরশহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় তিনজন যাত্রীবেশী দুর্বৃত্ত রওনা দেয়। অটোরিকশাটি উত্তর লক্ষীপুর কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে দুর্র্বৃত্তরা নবিরুল ইসলামের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে দুর্বৃত্তরা নবিরুল ইসলামকে উপর্যূপরী ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নবিরুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থায় অবনতি ঘটলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ওই রাতেই নবিরুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলার এলাকা থেকে নিহত নবিরুল ইসলামের ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার সহ আকাশ আহম্মেদ নামে এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় অপর দুই জন পালিয়ে যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশাটি উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহতের অটোরিকশা চালক নবিরুল ইসলামের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

MCH/AHA
আরও পড়ুন