আমন মৌসুমে সারের সংকট ও ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় এক ডিলার ও কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মীকে ধাওয়া করে একটি পেট্রোল পাম্পে অবরুদ্ধ করে রাখেন তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাফা (বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
স্থানীয়রা জানান, আমন ধানের জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হলেও কয়েক দিন ধরে কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছিলেন না। রোববারও সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা গুদামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে স্লোগান দেন।
একপর্যায়ে দায়িত্ব পালনরত কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে কৃষকরা ধাওয়া করেন। তারা পাশের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নিলে সেখানেও তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। প্রকৃত কৃষকরা সময়মতো সার না পেলেও কালোবাজারে বেশি দামে সার সরবরাহ করা হচ্ছে।
খবর পেয়ে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের উদ্যোগে ডিলারদের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন, জেলায় সারের ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিতরণ শুরু হয়েছে। অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা
৬ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০