দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক কালবেলার লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং নয়াদিগন্তের ডিজিটাল প্রতিনিধি যোবাইর আহমেদ রোহানের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে তাদের হয়রানি এবং গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই এ মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সংবাদ প্রকাশের পথ বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, সাংবাদিকরা জনগণের সামনে অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরার দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনের কারণে মামলা ও হয়রানির মুখোমুখি হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তাই অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার দাবি জানান তারা।

বৈরী আবহাওয়ার মধ্যেও সাংবাদিকদের অংশগ্রহণে প্রায় দুই ঘণ্টা ধরে এ মানববন্ধন কর্মসূচি চলে।

এম.সি.এইচ
আরও পড়ুন