পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তবে হবিগঞ্জের পথে পুলিশের চতুর্থ ব্যারিকেডে আটকে যান দলটির শীর্ষ নেতারা।
পরে এনসিপি নেতারা রাস্তায় বসে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত, তারা ১ ঘণ্টা যাবৎ বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছেন।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক মাহমুদ জানান, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এর আগে, পুলিশি ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির নেতারা। বুধবার বিকালে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের আটকে দিয়েছিল।
বুধবার বিকাল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহসহ কয়েকজন হবিগঞ্জ রওনা হন। বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী গাড়িবহর চা-কন্যা এলাকায় আটকে দেওয়া হয়।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই তাদের আটকে দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ