হবিগঞ্জের আজমিরীগঞ্জে পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের মেঝে ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বদলপুর ইউনিয়নের বিদ্যালয়টিতে ক্লাস চলার সময় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চতুর্থ শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে বড় ফাটল দেখা দেয়। শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই মেঝের একটি অংশ নিচের দিকে ধসে পড়ে। এতে কক্ষে থাকা পাঁচ শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া, ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া এবং রফিক মিয়ার অপর ছেলে আজিনুর মিয়া। তারা সবাই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, দুপুরে ক্লাস চলার সময় আকস্মিকভাবে শ্রেণিকক্ষের মেঝে ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেঝের এক পাশের বালি ও মাটি সরে যাওয়ায় মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিদ্যালয়টির ভবনটি নতুন বলে জানান তিনি।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডির প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুরে অনুমোদনহীন পণ্য জব্দ, মালিকের জরিমানা
তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার
হাতিয়ায় ফেরিঘাট থেকে চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১