৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। গ্রেপ্তারের পর পর্যায়ক্রমে তাঁকে আরও ৪টি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। আজকের আদেশের ফলে তাঁর বিরুদ্ধে থাকা এই ৫টি মামলায় জামিন নিশ্চিত হলো।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে চারটিই হত্যা মামলা। এগুলো হলো- বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এই চারটি মামলা ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে এই চারজন নিহত হন।

পঞ্চম মামলাটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় করা। গত ৮ মে আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ পুলিশি অভিযানের সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশ এই মামলাটি করেছিল।

আইভীর আইনজীবীরা জানিয়েছেন, সবকটি মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। তবে অন্য কোনো নতুন মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিয়ে তাঁর সমর্থকদের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে।

FJ
আরও পড়ুন