জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের আদেশ মঙ্গলবার

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) আদেশ দেবেন।

সোমবার (২ মার্চ) দিনভর শুনানি শেষে আদালত আদেশের জন্য এই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। 

অন্যদিকে রিটের বিরোধিতা করে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনিরসহ আরও কয়েকজন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটি অবৈধ, বেআইনি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে জুলাই জাতীয় সনদের সমস্ত কার্যক্রম ও কার্যকারিতা অবিলম্বে বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিটে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জুলাই জাতীয় সনদের মাধ্যমে যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের মৌলিক সংবিধানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ-সেই প্রশ্নই এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়। মঙ্গলবার আদালতের এই আদেশ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

FJ
আরও পড়ুন