দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ৫৫ দিনে হাম ও এর উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হামে আক্রান্ত হয়ে ৩৫২টি শিশু প্রাণ হারিয়েছে। সরকারি হিসাব মতেই গড়ে প্রতিদিন ৬ জন করে শিশু মারা যাচ্ছে, তবে গত এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, অন্যদিকে রংপুর বিভাগে সংক্রমণের হার তুলনামূলক কম।
এই বিপুল সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট বা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির (EPI) বাইরে থাকা এবং প্রচণ্ড গরমের কারণে ভাইরাসের দ্রুত বিস্তার এই মহামারির অন্যতম কারণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কোনো শিশুর শরীরে জ্বর এবং সাথে লালচে র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষ করে জনবহুল ঢাকা ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু