জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশিকে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আসামিরা হলেন- সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানী (২৫)।

এর আগে গত বুধবার বিমানবন্দর থানার জিডিমূলে দুজনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।

আবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে। এরপর বিমানে করে সিঙ্গাপুর পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসারের কাছে পাঠায়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কাছ থেকে খবর পেয়ে ঢাকায় ইমিগ্রেশনে ডিউটি অফিসারের কক্ষ তাদের হেফাজতে নেয়া হয়। দুই যুবকের কাছ থেকে তিনটি মোবাইল ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়।

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে দুজনই সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা যায়।

আবেদনে আরও বলা হয়, আসামিরা বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিত জড়িত কি না, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কি না এবং জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা তা জানা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে কি না তা জানতে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

AHA
আরও পড়ুন