শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা

আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ডিবি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

একই আদেশে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আবদুল লতিফ সিদ্দিকী ওই ৩১ জন পলাতক আসামির একজন ছিলেন। পাশাপাশি অন্য বিভিন্ন মামলায় কারাগারে থাকা বাকি ১০ আসামিকেও এ মামলার শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

Maz/YA
আরও পড়ুন