সালমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী। তাঁর নাম গ্রায়েম এল. হল।

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তাঁর সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।

এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে করা ওই আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করেন।

আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাঁকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।

আবেদনের সঙ্গে নিজের পেশাগত প্রোফাইল ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রও সংযুক্ত করেছেন তিনি।

এএম
আরও পড়ুন