বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে তাকে হাজির করা হয়। আইনজীবীরা রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একটি হত্যা মামলায় রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ২৩ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন। রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ২২ আগস্ট গ্রেপ্তার করা হয় রাশেদ খান মেননকে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে তিনি মন্ত্রিত্ব পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মারা যায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর শাহবাগ থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

