২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, অব্যাহতি পাচ্ছেন ৫ লাখ নেতাকর্মী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা প্রায় ২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতাকর্মী এসব মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এজন্য গত বছরের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

এই কমিটি রাজনৈতিক দল ও ভুক্তভোগীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। গত কয়েক মাসে অনুষ্ঠিত মোট ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

তালিকায় থাকা মামলার সিংহভাগই বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন বিরোধী দল ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫ লাখ মানুষ আইনি হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন।

তবে এটিই শেষ নয়; মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেক হয়রানিমূলক মামলা এই তালিকার অন্তর্ভুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আইন মন্ত্রণালয়। 

FJ
আরও পড়ুন