হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৃথক অভিযানে প্রায় পৌনে ৪ কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রফিকুল ইসলামের কাছ থেকে জব্দ করা মুদ্রার মধ্যে রয়েছে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় এসবের আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।
একই দিনে আল আমিন মোল্লা নামে আরেক যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ উদ্ধার করা হয়, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।
বহির্গামী দুই যাত্রীর কাছ থেকে মোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার
বিন্তি হত্যার রহস্য উন্মোচন, যা জানালো পুলিশ
