রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও অন্তর্বর্তীকালীন প্রশাসকের সুপারিশের ভিত্তিতে পূর্বঘোষিত সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববারের (১৫ ফেব্রুয়ারি) নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান সকল পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো এখন থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে। তবে পরীক্ষার অন্যান্য নিয়ম ও সূচি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, সাত কলেজ নিয়ে সম্প্রতি 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হয়েছে। তবে আগের ব্যাচগুলোর পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের কার্যক্রম এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে।
পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
