খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:০০ পিএম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের (বালক-বালিকা) খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উন্নয়ন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ কারণে শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিশুদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের সব শিশুর জন্য স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শিশুদের মধ্যেই দেশের ভবিষ্যৎ নিহিত। তারা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও দক্ষ হয়ে উঠতে পারে, সেজন্য এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহিনা ফেরদৌসী।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দলের ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দলের ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ২৩ মে বিভাগীয় পর্ব শেষ হয়।

আজ থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। মোট ১৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

AS
আরও পড়ুন