শিক্ষামন্ত্রীকে ১ হাজার ফুটবল উপহার দিলেন পাক হাইকমিশনার

আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:১০ পিএম

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এক হাজার ফুটবল দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (২১ জুন) শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এই ফুটবলগুলো হস্তান্তর করেন।

ফুটবল হস্তান্তরের পূর্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের শিক্ষার উন্নয়ন, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার বড় সুযোগ রয়েছে।

যৌথ সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়ন আরও গতিশীল হবে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে পাকিস্তান তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময় করতে প্রস্তুত। একই সাথে তিনি বাংলাদেশের একটি প্রতিনিধিদলকে পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।

Attr/AHA
আরও পড়ুন