ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়নে দুটি ১০ তলা একাডেমিক ভবন, দুটি ১০ তলা ছাত্রাবাস এবং একটি মাল্টিপারপাস হল নির্মাণের দাবি জানিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় তিনি কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষকসংকট, পুরোনো ভবন ও ছাত্রাবাসের নিরাপত্তা ঝুঁকি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি পূরণের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গত ২০ বছরে কলেজটির উন্নয়নে কী করা হয়েছে, তা নিয়ে তার প্রশ্ন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে কলেজের উন্নয়নে কী কী কাজ করা হয়েছে, তা জানতে চান। প্রধান প্রকৌশলী তাকে জানিয়েছেন, কলেজটির জন্য তেমন কিছুই করা হয়নি।
তিনি বলেন, সাবেক শিক্ষার্থীরা তাকে ইতিমধ্যে একটি নকশা দিয়েছেন। সেটি তার মন্ত্রণালয়ে দুটি হল নির্মাণের জন্য এসেছে। এ ছাড়া ঢাকা কলেজের পক্ষ থেকে বেশ কিছু দাবি তার কাছে তুলে ধরা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে দুটি ১০ তলা একাডেমিক ভবন, দুটি ১০ তলা ছাত্রাবাস এবং একটি মাল্টিপারপাস হল নির্মাণ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জন্য অন্তত তিনজন শিক্ষক নিয়োগ এবং ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে তিনজন করে শিক্ষক দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গ্যালারিগুলোর বিদ্যমান অবকাঠামো ঠিক রেখে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া পুরোনো ভবন ও ছাত্রাবাসের নিরাপত্তাঝুঁকি নিরসন, ঝুঁকিপূর্ণ স্থাপনা মেরামত, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টয়লেট, বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়গুলোও দাবির মধ্যে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষায় সরকারের বাজেট বরাদ্দের প্রসঙ্গে ইহসানুল হক মিলন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এ কারণে এবার শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। এর আগের বছরে এ বরাদ্দ ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।” তবে আগের বরাদ্দের হিসাবের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট যুক্ত ছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এবার শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। ঢাকা কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করা হয়নি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও কোনো তদবির বা হস্তক্ষেপ করা হয়নি।
ঢাকা কলেজের শিক্ষার মান উন্নয়নে আলাদাভাবে পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু ঢাকা কলেজ নয়, ঢাকা শহরের বৃহত্তর আটটি কলেজকে নিয়েও পরিকল্পনা রয়েছে। কলেজগুলোকে কীভাবে আরও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
এ সময় ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি এ কলেজে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতাও করেছেন। ফলে ঢাকা কলেজকে কীভাবে গড়ে তুলতে চান, সে বিষয়ে তিনি তার পরামর্শ দেবেন। তার পরিকল্পনা অনুযায়ী কাজ করার দায়িত্ব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বাজেটের তেমন কোনো অভাব নেই। শুধু রয়েছে আমাদের সদিচ্ছা বাস্তবায়ন করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। দেওয়ার পালা শেষ, এবার নেওয়ার পালা।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী প্রজন্মই বাংলাদেশকে গড়ে তুলবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে। কলেজের শিক্ষার্থীরাই নিজেদের শিক্ষার পরিবেশ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে। তারা নিয়মিত পড়াশোনা করবে, পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী ঢাকা কলেজকে আবারও দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী অবস্থানে দেখতে চান তারা। বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের নেতৃত্ব তৈরি হবে এবং তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন।
‘জয় বাংলা’ এখন আ. লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরানের বাঁধে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি সামরিক কমান্ডারের
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: তারেক রহমান