এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, স্কুলে কোচিং বাধ্যতামূলক

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:২৬ পিএম

শিক্ষাজীবনের সময়ক্ষেপণ কমাতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসেই নেওয়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির জন্য এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে 'ইন-হাউজ কোচিং' বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে ইন-হাউজ কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এই কোচিং ক্লাসের জন্য স্থানীয় ব্যবস্থাপনা কমিটির (গভর্নিং বডি) সঙ্গে আলোচনা করে শিক্ষকদের উপযুক্ত সম্মানীর বিষয়টি নির্ধারণ করার আহ্বান জানান তিনি।

শিক্ষাজীবনের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পরীক্ষা-সূচিতে এই বড় পরিবর্তনের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, অতীতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগার কারণে একজন শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক শেষ করতেই প্রায় ২০ বছর বয়স হয়ে যেত। এতে দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণদের উৎপাদনশীল সময় নষ্ট হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা রমজান ও ঈদের বিষয়টি মাথায় রেখে জানুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ এবং আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষায় অনিয়ম ও নকলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, "বর্তমানে নকলের ধরন বদলেছে, তাই পাবলিক পরীক্ষা–সংক্রান্ত আইনও পরিবর্তন করা হয়েছে।" এখন থেকে কোনো প্রতিষ্ঠানে নকল বা ডিজিটাল জালিয়াতির প্রমাণ মিললে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেও সরাসরি জবাবদিহির আওতায় আনা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এবার সারা দেশে 'একক প্রশ্নপত্র' ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

খাতা মূল্যায়নের মান বাড়াতে এবার পরীক্ষকদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের সীমিত সংখ্যক খাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 'খাতা স্যাম্পলিং' বা নমুনা পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের মান কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

SN
আরও পড়ুন