চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পর আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাইদী আমিন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার নির্দেশনা অনুযায়ী।

দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য বলেছেন তিনি।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

AHA
আরও পড়ুন