এসএসসির ফল প্রকাশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (২০ জুলাই) প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছে।

তবে ২০ জুলাইয়ে ফল প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি একাধিক অনুষ্ঠানে ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল প্রস্তুতের কাজ চলছে। ২০ জুলাইকে লক্ষ্য ধরেই সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের অনুমোদনের পরই জানানো হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলো কাজ করছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। 

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

SN
আরও পড়ুন