চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের জন্য এখনো কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি, তবে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করে বোর্ডগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। বোর্ডগুলোও সেই অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। ফল প্রকাশে আরও কয়েক দিন সময় লাগলেও খুব বেশি দেরি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। চলতি মাসের মধ্যে ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ্ এই মাসের মধ্যেই কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি এবং দুই মাসের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এসএসসির ফল প্রকাশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসায় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র