প্রতি মাদরাসায় ৪টি ফুটবল দল গঠনে বোর্ডের নির্দেশ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সাথে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত অনুশীলন ও আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তির নির্দেশনামতে, মাদরাসাগুলোকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠন সম্পন্ন করে বোর্ডের নির্ধারিত ই-মেইলে ([email protected]) তথ্য পাঠাতে হবে। যোগ্যতার ভিত্তিতে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (একাদশ ও দ্বাদশ বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল—মোট ৪টি দল গঠন করতে হবে। অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। একই দিনে দেশজুড়ে একযোগে প্রতিযোগিতা শুরু হবে। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

SN
আরও পড়ুন