জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারিত সূচি অনুযায়ী, ইউনিট এ-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭, ইউনিট ই-এর ৮ জানুয়ারি, ইউনিট বি-এর ১৫ জানুয়ারি, ইউনিট সি-এর ২২ জানুয়ারি এবং ইউনিট ডি-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইউনিট-এ, বি, সি ও ই-এর পরীক্ষা শুক্রবার এবং ইউনিট ডি-এর পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে বিভিন্ন বিভাগীয় শহরে এবং ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট-এ: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

ইউনিট-বি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে।

কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

ইউনিট-সি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

ইউনিট-ডি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

ইউনিট-ই: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

এদিকে, ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার জন্য সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

 

Maz
আরও পড়ুন