সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে অবদান, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননার জন্য বাছাই করা হয়েছে।
বিউটি রানী পালের পাশাপাশি সিলেট জেলা পর্যায়ে আরও তিনজন এবং বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের চার জেলা থেকে আরও তিনজন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে জেলা পর্যায়ের নির্বাচিতদের তালিকা করা হয়।
জেলা পর্যায়ে বিউটি রানী পাল ছাড়াও নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মাত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের এক স্মারকে জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে সিলেট বিভাগের চার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।
বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বরের এক পত্রে জানানো হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল। ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তার শিক্ষাদান, বিদ্যালয় পরিচালনা ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের বিভিন্ন দিক মূল্যায়ন করে এ স্বীকৃতি দেওয়া হয়।
বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তার নাম ছিল।
তবে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নানা মন্তব্যের পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
এ অবস্থায় তার পাশে দাঁড়ান সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশের বিভিন্ন এলাকার শিক্ষক ও অন্যান্য পেশার মানুষ একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। তারা ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রানী পালকে ঘিরে আলোচনার বিষয়টি গুণী শিক্ষক নির্বাচনের বিবেচনায় নেওয়া হয়নি। শিক্ষাক্ষেত্রে অবদান, শিক্ষাদানের পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নির্ধারিত নির্বাচনী মানদণ্ডের ভিত্তিতেই তাকে নির্বাচিত করা হয়েছে।
মদ না দেওয়ায় দোকানকর্মীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন
অবৈধ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার হলো দুই গ্রাম পুলিশ
নড়াইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই