৫১তম বিসিএসে আবেদন ১৫ হাজার ছাড়াল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ইতিমধ্যে ১৫ হাজারের বেশি চিকিৎসাপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করেছেন।

পিএসসি সূত্রের তথ্য অনুযায়ী, ১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন পূরণ করলেও তাদের সবাই এখনো ফি জমা দেননি। ফলে ফি জমাদানের নির্ধারিত সময় পার না হওয়া পর্যন্ত প্রকৃত আবেদনকারীর সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৪,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন রয়েছেন।

আবেদন করতে প্রার্থীদের bpsc.teletalk.com.bd
 ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের শেষ ধাপে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি (সর্বোচ্চ ৩০০x৩০০ পিক্সেল, ১০০ কেবি) এবং স্বাক্ষর (সর্বোচ্চ ৩০০x৮০ পিক্সেল, ৬০ কেবি) সঠিকভাবে আপলোড করতে হবে।

আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের জন্য মোট ২০৫ টাকা এবং বিশেষ ক্যাটাগরির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন করা যাবে না।

এইচএন
আরও পড়ুন