প্রতি শনিবারে পরিচ্ছন্নতা অভিযান ঢাবি ছাত্রদলের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুর্গোৎসবের ছুটি শেষে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই দুটি মূল সুরকে সামনে রেখে পুরো কর্মসূচিটি পরিচালিত হবে।

সংগঠনটির মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ রক্ষা ও সবুজায়নের ভাবনার আলোকেই এই রূপরেখা প্রস্তুত করা হয়েছে।

উদ্যোগটির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতার কাজ করবেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করবেন তারা।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ইতোমধ্যে এই কার্যক্রমের অনুমোদন দিয়েছেন।

নেতাকর্মীদের পরিবার ও পরিচিতদের মাঝেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএন
আরও পড়ুন