এ আর রহমানকে অতিথি করায় তোপের মুখে কপিল শর্মা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন কৌতুকশিল্পী কপিল শর্মা। সম্প্রতি ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে রহমানের ওপর ক্ষুব্ধ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা এবার কপিল শর্মারও কড়া সমালোচনা করেছেন।

বিজেপি নেতা নীতেশ রানে এই ঘটনার তীব্র বিরোধিতা করে একটি বিবৃতি দিয়েছেন। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এমন পরিস্থিতিতে তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একটি জনপ্রিয় মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি। 

নীতেশ রানে বলেন, ‘বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও ধর্মীয় অনুভূতি সবার আগে। বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না।’ তিনি সংশ্লিষ্ট ওটিটি কর্তৃপক্ষকে ওই পর্বটি পুনরায় বিবেচনা করারও অনুরোধ জানান।

বিতর্কের সূত্রপাত হয় কয়েকদিন আগে দেওয়া এ আর রহমানের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ‘ধর্মীয় বিভাজন’ কাজ করেছে। তার এই মন্তব্যের পর কঙ্গনা রানাউতসহ অনেকেই তাঁর কড়া সমালোচনা করেন। যদিও পরে রহমান ব্যাখ্যা দিয়ে জানান, কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয়।

তবে রহমানের সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় একটি পক্ষ। যার রেশ এবার আছড়ে পড়ল কপিল শর্মার শো-এর ওপর। এই ঘটনায় নেটফ্লিক্স বা কপিল শর্মার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

DR/AHA
আরও পড়ুন