রোমান্টিক ইমেজ ভেঙে ‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিত দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তাকে বেশির ভাগ সময়ই কোমল, মিষ্টি ও ইতিবাচক চরিত্রে দেখা গেছে। নেতিবাচক বা ডার্ক শেডের কোনো চরিত্রে এখনো দেখা মেলেনি তার।

তবে সেই চেনা ইমেজ থেকে বেরিয়ে আসতে চান জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছা, খলনায়িকা বা ভিলেন ধরনের চরিত্রে অভিনয় করার।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যাকে দেখে মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।”

পূর্ণিমার বিশ্বাস, তার কোমল চেহারা ও রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে ভাবেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই মনে করেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানাবে না। দর্শকও আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকেই দেখতে অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।”

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছিলেন তিনি। এরপর মাঝে-মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও নতুন কোনো অভিনয় প্রকল্পে তাকে দেখা যায়নি।

AM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত