জন্মদিনে ১৬ কোটি টাকা মূল্যের হীরা খচিত কেক কাটলেন উর্বশী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই নতুন কোনো চমক অথবা বিলাসিতার চরম বহিঃপ্রকাশ। সম্প্রতি ৩২ বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার গার্ল। প্রতিবছর নিজের জন্মদিন ঘিরে নতুন নতুন আলোচনার জন্ম দিলেও এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেলেন তিনি। নিজের জন্মদিনে কাটলেন কোটি টাকা মূল্যের সাত তলা এক কেক, যা এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, উর্বশীর এই বিশেষ বার্থডে কেকটি সাধারণ কোনো উপকরণ দিয়ে নয়, বরং সাজানো ছিল আসল হীরা দিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর্ণিল ফুল ও বেলুনে ঘেরা একটি বিলাসবহুল ভেন্যুতে বিশালাকার সাত তলার চকোলেট কেকটি কাটছেন তিনি। কেকটির গায়ে হীরা খোদাই করা ছিল। জানা গেছে, উর্বশীকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি আলোচনা চলছে কেকটির দাম নিয়ে। হীরা খচিত এই কেকটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা! তবে এত মহার্ঘ্য উপহারটি কে দিয়েছেন, তা এখনো আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। কেকের দাম জানাজানি হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীরা বিস্ময় প্রকাশ করছেন।

বিলাসিতার এমন নজির উর্বশীর জন্য অবশ্য নতুন নয়। ২০২৪ সালে তার জন্মদিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী হানি সিং তাকে সোনার প্রলেপ দেওয়া একটি কেক উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এ ছাড়া চলতি বছরের শুরুতে দুবাইয়ে নিজের মায়ের জন্মদিনের জন্য তিনি সোনার মুকুট বসানো একটি তিন তলা স্বর্ণের কেক এনেছিলেন। তবে এবারের হীরা খচিত কেকটি পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

NB/AHA
আরও পড়ুন