মৌনী-সুরজের সংসার ভাঙার গুঞ্জন, ‘আনফলো’ করলেন একে অপরকে 

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:০২ পিএম

বলিউড পাড়ায় আবারও বিচ্ছেদের সুর। কয়েক দিন ধরেই টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় এবং দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের ঘর ভাঙার গুঞ্জন। এই জল্পনা আরও উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সাম্প্রতিক কর্মকাণ্ড। দেখা গেছে, ইনস্টাগ্রামে এই তারকা দম্পতি এখন আর একে অপরকে অনুসরণ করছেন না, অর্থাৎ তারা একে অপরকে ‘আনফলো’ করেছেন।

মৌনী ও সুরজের সম্পর্কের টানাপোড়েন যে কেবল তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ মিলেছে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানির আচরণে। দিশাও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুরজ নাম্বিয়ারকে আনফলো করে দিয়েছেন। এরপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে- তবে কি সত্যিই আলাদা হয়ে যাচ্ছে মৌনী-সুরজের পথ? যদিও বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

২০১৯ সালে দুবাইয়ে থার্টি ফার্স্ট নাইটের এক পার্টিতে প্রথম আলাপ হয়েছিল মৌনী ও সুরজের। দীর্ঘ তিন বছর প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন তারা। মালয়ালি এবং বাঙালি-দুই রীতিতে সম্পন্ন হওয়া সেই বিয়ের ছবি একসময় ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

বেঙ্গালুরুতে জন্ম নেওয়া সুরজ পেশায় একজন সফল ব্যবসায়ী ও প্রকৌশলী। আর.ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বি.টেক করার পর তিনি বিদেশ থেকে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি দুবাইয়ে তার বাবার বিশাল ব্যবসা সামলাচ্ছেন।

ব্যক্তিগত জীবনের অস্থিরতার মাঝেই পেশাগত ব্যস্ততায় ডুব দিয়েছেন মৌনী রায়। তার অভিনীত নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আগামী ৫ জুন বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার প্রচারণার কাজ যখন তুঙ্গে, তখন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এই বিতর্ক ভক্তদের মনে কিছুটা বিষাদ তৈরি করেছে।

FJ
আরও পড়ুন