বিয়ের সপ্তাহ না পেরোতেই সুখবর দিলেন আমির খান

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতার পর নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন বলিউডের অভিনেতা ও প্রযোজক আমির খান। অস্ট্রেলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং কবীর খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তার প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনস নির্মাণ করতে যাচ্ছে নতুন চলচ্চিত্র 'সিল্কইয়ারা ৪১'।

সম্প্রতি ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এর কয়েক দিনের মধ্যেই নতুন এই আন্তর্জাতিক প্রযোজনার ঘোষণা আসে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান, যিনি এর আগে বজরঙ্গি ভাইজান, এক থা টাইগার ও ৮৩ নির্মাণ করেছেন।

'সিল্কইয়ারা ৪১' নির্মিত হবে বাস্তব ঘটনার ভিত্তিতে। ২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিল্কইয়ারা টানেল ধসে আটকে পড়া ৪১ শ্রমিককে ১৭ দিনব্যাপী উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে বের করে আনার ঘটনাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হবে। দীর্ঘ ও জটিল ওই উদ্ধার অভিযান দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং উদ্ধারকর্মীদের সাহসিকতা ব্যাপক প্রশংসিত হয়।

নতুন প্রকল্প সম্পর্কে আমির খান বলেন, "মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনসের এই গুরুত্বপূর্ণ সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত সংবেদনশীল এবং সাহসিকতার এক অনন্য উদাহরণ, যা আমাদের সবাইকে গভীরভাবে স্পর্শ করেছে। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার শক্তিকে উদযাপন করবে।"

প্রযোজকদের আশা, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত 'সিল্কইয়ারা ৪১' শুধু একটি উদ্ধার অভিযানের গল্পই নয়, বরং সংকট মোকাবিলায় মানবিক সংহতি, সাহস এবং সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য দলিল হিসেবেও দর্শকের সামনে উঠে আসবে।

NM/YA
আরও পড়ুন