বলিউড বাদশার আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে সিনেপ্রেমীদের মধে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে ব্রিটিশ পপ তারকা এড শিরান একটি দারুণ খবর দিয়েছেন। ফলে ‘কিং’ নিয়ে সৃষ্ট উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে ভক্তদের মনে।
এড শিরান জানান, শাহরুখের এই ছবির জন্য একটি গান রেকর্ড করেছেন তিনি। এর আগে ‘রাওয়ান’ ছবিতে শাহরুখ আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন। ওই ছবির সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’ একন গেয়েছিলেন।
শাহরুখের সঙ্গে এডের কাজ করার খবর ছড়ায় একটি ইনস্টাগ্রাম কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে। একজন ভক্ত এডকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কার জন্য হিন্দি গান গাইছেন?
উত্তরে শিরান বলেন, ‘হিন্দি গানটা শাহরুখের একটা বলিউড ছবির জন্য ছিল। এটা অরিজিৎ সিংয়ের সঙ্গে স্যাফায়ার গানটির মতো।’ এডের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ ট্র্যাকের জন্য অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন।
এড শিরান যদিও সরাসরি ‘কিং’ ছবির কথা বলেননি, তবুও নেটিজেনরা অনেকেই মনে করছেন এড পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবির কথাই বলছেন। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’।
আরও একটি ব্যাপার এই ছবি ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। শাহরুখের মেয়ে সুহানা খান নাকি ‘কিং’ ছবিতে একটি বড় চরিত্রে অভিনয় করছেন। তাহলে এড শিরান আর অরিজিৎ সিংয়ের গানটি হয়তো সুহানার প্রথম বড় বলিউড ছবির গান হবে।
বিকিনি পরা ছবিগুলো ডিলিট করার আকুতি নন্দিনীর