বলিউড অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে।

বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘পিঞ্জরার খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা এ সময় প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।

সন্ধ্যা ছিলেন ভারতীয় নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। তার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ছবিটির জন্য শান্তারাম নতুন মুখ খুঁজছিলেন। পরে সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকেই বেছে নেন। সেখান থেকেই রুপালি পর্দায় এই অভিনেত্রীর সোনালি অধ্যায় শুরু হয়েছিল।

NB/AHA
আরও পড়ুন