মৃত্যুর দেড় দশক পেরিয়ে গেলেও পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে আইনি জটিলতা ও বিতর্ক থামছে না। এবার তার এস্টেটের বিরুদ্ধে যৌন হয়রানি ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে মামলা করেছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কাসিও পরিবারের সদস্যরা। এই মামলাটি বিনোদন জগতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
মামলার নথিতে কাসিও ভাই-বোনেরা দাবি করেছেন, শৈশব থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর ধরে তারা জ্যাকসনের লালসা ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ভ্রমণের সময় এসব অপ্রীতিকর ঘটনা ঘটে। এমনকি অভিনেত্রী এলিজাবেথ টেলর এবং কিংবদন্তি সংগীতশিল্পী এলটন জনের বাসভবনেও তারা নির্যাতনের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীদের দাবি, ২০১৯ সালে ‘লিভিং নেভারল্যান্ড’ প্রামাণ্যচিত্রটি দেখার পর তারা এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন এবং ৫ বছর মেয়াদী একটি গোপন আর্থিক সমঝোতায় পৌঁছান। তবে বর্তমানে সেই সমঝোতা বাতিল করে উচ্চতর ক্ষতিপূরণ দাবি করে নতুন করে এই মামলা দায়ের করেছেন তারা।
মাইকেল জ্যাকসনের এস্টেটের পক্ষ থেকে এই অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। এস্টেটের প্রভাবশালী আইনজীবী মার্টি সিঙ্গার এই মামলাটিকে ‘অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই পরিবারটি গত ২৫ বছর ধরে মাইকেল জ্যাকসনের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছিল এবং তাকে নির্দোষ দাবি করছিল। এখন শত শত মিলিয়ন ডলার আদায়ের উদ্দেশ্যে তারা আগের অবস্থান থেকে সরে এসে অনুকূল বিচারিক ক্ষেত্র খুঁজছে।
নিউ জার্সির কাসিও পরিবারের সঙ্গে মাইকেল জ্যাকসনের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। ডমিনিক ও কনি কাসিও দম্পতির সন্তানদের জ্যাকসন নিজের ছোট ভাই-বোনের মতোই স্নেহ করতেন। দীর্ঘ সময় ধরে এই পরিবারটি জ্যাকসনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক এই মামলার জেরে সেই পুরনো সম্পর্কে চিরস্থায়ী ফাটল ধরল।
উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো আদালতে তা প্রমাণিত হয়নি।
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: নেটিজেনদের নানান অভিযোগ
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
