অস্কারের সেরা অভিনেতা মাইকেল বি. জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা অভিনেতার মুকুট জিতেছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। 

রোববার (১৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আসরে অস্কারের মঞ্চ দাপিয়ে বেড়িয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি সেরা ছবিসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে। অন্য বিভাগগুলো হলো সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং প্রথমবারের মতো প্রবর্তিত সেরা কাস্টিং বিভাগ। ১৪ বার মনোনয়নের পর প্রথম অস্কার জিতে আবেগঘন কণ্ঠে পরিচালক অ্যান্ডারসন বলেন, ‘একটি অস্কার পেতে একজনকে অনেক পরিশ্রম করতে হয়, এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

‘সিনার্স’ ছবিতে যমজ চরিত্র ‘স্মোক’ ও ‘স্ট্যাক’-এর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পুরস্কার গ্রহণের সময় তিনি তার আগে পথ তৈরি করে দেওয়া কিংবদন্তি কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অন্যদিকে, ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেন জেসি বাকলি।

এবারের অস্কারে ইতিহাস গড়েছেন সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও। ‘সিনার্স’ ছবির জন্য তিনি প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির অস্কার জিতে নতুন রেকর্ড গড়েন। এই ছবিটি মোট চারটি পুরস্কার জিতেছে। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি এবং কে-পপ ভিত্তিক ‘ডেমন হান্টার্স’ দুটি পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানের একটি অংশ উৎসর্গ করা হয় ২০২৫ সালে প্রয়াত অভিনেতা, লেখক ও নির্মাতাদের স্মরণে। প্রখ্যাত অভিনেতা বিলি ক্রিস্টাল গত বছরের ডিসেম্বরে নিহত হওয়া প্রখ্যাত পরিচালক রব রেইনার-এর প্রতি আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেন।

NB/FJ
আরও পড়ুন