আবারও প্রেমে জড়ালেন বিল গেটসকন্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েও নিজের পছন্দ ও স্বাধীন জীবনযাপনের জন্য সবসময়ই আলোচনায় থাকেন বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ২৩ বছর বয়সী এই তরুণী এবার নতুন করে খবরের শিরোনাম হলেন তার প্রেমের গুঞ্জন নিয়ে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ফোবি। তবে এই প্রেম একেবারে নতুন নয়; বরং এটি তার শৈশব থেকেই গড়ে ওঠা একটি সম্পর্ক। ইনস্টাগ্রামের ওই ছবিতে তাকে তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। ক্যাপশনে ফোবি শুধু একটি ‘লাভ’ ইমোজি ব্যবহার করেছেন, যা নেটিজেনদের বুঝতে বাকি রাখেনি যে তাদের পুরনো বন্ধুত্ব নতুন রূপে ফিরে এসেছে।

ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের অভিনন্দন বার্তায় ভাসছেন এই জুটি। কেউ কেউ মজা করে লিখেছেন, ‘পুরনো ভালোবাসা যেন এবার চিরস্থায়ী হয়।’

জানা গেছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। ১৫ বছর বয়স থেকেই তাদের মধ্যে পরিচয় এবং সেই সময় স্বল্প সময়ের জন্য একটি সম্পর্কও ছিল। দীর্ঘ বিরতির পর আবারও তারা একে অপরের কাছাকাছি এলেন।

এর আগে ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ফোবি। ২০২৩ সালের শেষ দিকে শুরু হওয়া সেই সম্পর্কের কথা ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফোবি নিজেই নিশ্চিত করেছিলেন। তবে ২০২৫ সালের শেষ দিকে এসে সেই সম্পর্কের ইতি টানেন এই যুগল। এরপরই শৈশবের বন্ধু চ্যাজের সঙ্গে তার নতুন করে পথচলা শুরু হলো।

DR/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত