রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফজলুর রহমান বাবুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তাঁর হৃদযন্ত্রে জটিল ব্লক শনাক্ত করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গত ১৯ ফেব্রুয়ারি তাঁর সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।
নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এই অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচারের পর বাবু এখন আগের চেয়ে অনেক ভালো এবং স্থিতিশীল আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে এবং চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
কামরুজ্জামান সাগর বলেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটাই বিপদমুক্ত। তবে কাজের চাপে তিনি নিজের স্বাস্থ্যের ওপর অনেক অবহেলা করেছেন। এখন তাঁর পূর্ণ বিশ্রাম প্রয়োজন। প্রিয় এই গুণী মানুষের দ্রুত সুস্থতার জন্য আমি তাঁর অগণিত ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’
দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে অসংখ্য কালজয়ী নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফজলুর রহমান বাবু। একইসাথে তাঁর দরদী কণ্ঠের গান দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করছেন।
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: নেটিজেনদের নানান অভিযোগ
