থেমে গেল দীর্ঘ আট দশকের সুরের সফর। ৯২ বছর বয়সী কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে চলে গেলেন না ফেরার দেশে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে আনন্দ ভোঁসলে এই খবরটি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে সংক্রমণের কারণে গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বরেণ্য অভিনেত্রী মেরি বেথ হার্ট আর নেই
